১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

হঠাৎ চলে গেলেন মিজু আহমেদ

দেশীয় চলচ্চিত্রের গুণী অভিনেতা মিজু আহমেদ আর নেই। রেলপথে থেমে গেলো তার জীবনের রেলগাড়ি। সোমবার (২৭ মার্চ) রাতে ট্রেন ভ্রমণকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার ও শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অমিত হাসান জানান, আহমেদ ইলিয়াস ভূঁইয়ার পরিচালনায় ‘মানুষ কেন অমানুষ’ নামের একটি ছবির কাজ করতে দিনাজপুর যাওয়ার জন্য সোমবার কমলাপুর থেকে ট্রেনে রওনা দেন। পথিমধ্যে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। বিমানবন্দর স্টেশনের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজু আহমেদ থাকতেন রাজধানীর পান্থপথে। তার মরদেহ নেওয়া হচ্ছে সেখানে। জানাজা কিংবা শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তাকে এফডিসিতে কখন নেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন পরিবারের সদস্যরা। চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব এ তথ্য জানান। শিল্পী-নির্মাতাদের অনেকেই এখন পান্থপথে যাচ্ছেন।

কুষ্টিয়ায় ১৯৫৩ সালের ১৭ নভেম্বর জন্মেছিলেন মিজু আহমেদ। তার প্রকৃত নাম মিজানুর রহমান। শৈশব থেকে থিয়েটারের প্রতি আগ্রহী ছিলেন তিনি। তাই কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলে যোগ দেন।

১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন মিজু আহমেদ। কয়েক বছরের মধ্যে ঢালিউডে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

মিজু আহমেদ অভিনীত ছবির তালিকায় আরও উল্লেখযোগ্য- মহানগর (১৯৮১), স্যারেন্ডার (১৯৮৭), চাকর (১৯৯২), সোলেমান ডাঙ্গা (১৯৯২), ত্যাগ (১৯৯৩), বশিরা (১৯৯৬), আজকের সন্ত্রাসী (১৯৯৬), হাঙ্গর নদী গ্রেনেড (১৯৯৭), কুলি (১৯৯৭), লাঠি (১৯৯৯), লাল বাদশা (১৯৯৯), গুন্ডা নাম্বার ওয়ান (২০০০), ঝড় (২০০০), কষ্ট (২০০০), ওদের ধর (২০০২), ইতিহাস (২০০২), ভাইয়া (২০০২), হিংসা প্রতিহিংসা (২০০৩), বিগ বস (২০০৩), আজকের সমাজ (২০০৪) ইত্যাদি।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন মিজু আহমেদ। প্রয়াত অভিনেতা রাজীবকে নিয়ে তার গড়া প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজ থেকে বেশ কয়েকটি ছবি তৈরি হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।