১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

সিনহা হত্যা মামলার চার্জশিট দাখিল হওয়ায়:স্বস্তিতে ভুক্তভোগীরা

রহমত উল্লাহ টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ দাসকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করায় টেকনাফের ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেছে।

রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে এই চার্জশিট দাখিল করেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও মামলার তদন্তশকারী কর্মকর্তা খায়রুল ইসলাম।

তিনি জানিয়েছেন, সিনহা হত্যা মামলায় ১৫ জনকে অভিযুক্ত করে রবিবার চার্জশিট দাখিল করা হয়েছে। এর মধ্যে ১৪ জন জেল হাজতে আছে। আরেকজন পলাতক।

এদিকে সাবেক ওসি প্রদীপ দাসকে অভিযুক্ত করে কক্সবাজার আদালতে চার্জশিট দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন টেকনাফের অনেক ভুক্তভোগীরা।

এমনই ভুক্তভোগী টেকনাফ পুরান পল্লান পাড়ার বেলুজা ও আমিনা খাতুন জানান, ‘আজ টিভি’র খবরে দেখেছি সাবেক ওসি প্রদীপসহ তার সহযোগীর বিরুদ্ধে চার্জশিট দিয়েছে র‌্যাব। এতে আমরা অন্তন খুশি। প্রদীপ টেকনাফের অনেক মানুষকে হত্যা করেছে। সিনহা হত্যা তাই প্রমাণ করে। তার মত অপরাধীর ফাঁসি হওয়া দরকার। আমরা তার ফাঁসি দাবি জানাচ্ছি।

তাঁরা আরো জানান, গত ৫ জুলাই দিন দুপুরে টেকনাফ থানা পুলিশের এএসআই নাজিমের নেতৃত্বে একদল পুলিশ ঘরে ঢুকে আমিসহ ঘরের লোকজনকে ব্যাপক মারধর করে। এরপর আলমিরা ভেঙে স্বর্ণালংকার, দেড় লাখ নগদ টাকা ও জায়গা জমির কাগজপত্র লুট করে। এসময় তাদের ওপর নির্যাতন চালিয়ে টেনেহিঁচড়ে পরিবার সদস্য কবির আহমদসহ তাদেরকে থানায় নিয়ে ব্যাপক মারধর করে। পরে তাদের ছেড়ে দেওয়ার নামে নগদ দুই লাখ টাকা ঘুষ নেয় নাজিম। তবে ১শ’ পিস ইয়াবা দিয়ে কারাগারে চালান দেয়। দেড় মাস কারাভোগ শেষে আমরা দুজন জামিনে বেরিয়ে আসলেও এখনও কারাভোগ করছে পরিবারের আরেক সদস্য কবির। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে সরকারের কাছে বিচারের দাবি জানাচ্ছি।’

আরেক ভুক্তভোগী ফরিদা বেগম ওরফে কাজল জানান, ‘প্রদীপের অপরাধ এতটা বেশি ছিল তার ফাঁসি হলেও কম হবে। এমন কোন অপরাধ নেই প্রদীপ করেনি। এখনো আমাকে তার দেওয়া মামলায় আদালতে হাজিরা দিতে হয়। কোন অপরাধ না করেও আমি অপরাধী হলাম। তার চেয়ে কষ্ট কি আর হতে পারে। এখন ভিক্ষার টাকায় আমি মামলা চালাতে হচ্ছে। সরকারের কাছে এ মামলা প্রত্যাহারের দাবি করছি।

তিনি আরো জানান, ‘এ বছরের শুরুতে মাদক চোরাচালানের অভিযোগে এই আমি সহ ভাই আবদুর রহমান এবং স্বামী আবদুল কাদেরকে আটক করেছিলেন ওসি প্রদীপ কুমার দাস। দুই দিন থানায় ভবনে তিনতলায় একটি কক্ষে আলাদা করে আমাদের ওপর ব্যাপক নির্যাতন চালায়। এসময় আমাকে চোখ মুখ বেঁধে মারধর করে। এতে মুমূর্ষু হয়ে পড়ি। এরপরের দিন ৩শ’ পিস ইয়াবা দিয়ে কক্সবাজার কারাগারে পাঠায়। তবে বাঁচতে পারেননি কাজলের ভাই আবদুর রহমান এবং কাজলের স্বামী আবদুর কাদের। পুলিশের হাতে ধরা পড়ার পড়েও কথিত ‘ক্রসফায়ারে’ নিহত হন তারা।

স্থানীয়দের অভিযোগ, মূলত ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসীর ট্যাগ লাগিয়ে নিরীহ লোকজনকে থানায় ধরে নিয়ে মোটা অংকের অর্থের জন্য চাপ প্রয়োগ করতো ‘ওসির টিম’। যারা টাকা দিতে পারতো না তাদের ‘ক্রসফায়ার’ দেওয়া হতো।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।