
প্রেসবিজ্ঞপ্তিঃ-
সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সংবাদে আমার ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন সম্পর্কে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
আমাদের পরিবার দীর্ঘদিন ধরে উখিয়ার বাজারে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে। আমার বাবা জনাব আবু নাসের সিকদার ১৯৮৯ সাল থেকে মরিচ্যা বাজারে ব্যবসা করে আসছেন। আমাদের নিজস্ব জমি, দোকান ও পৃথক গোডাউন রয়েছে। ইউনিয়ন পর্যায়ে সার ডিলারশিপের জন্য আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই আবেদন করেছি।
দুঃখজনকভাবে, উক্ত প্রতিবেদনে উখিয়ার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে নিয়েও যথাযথ যাচাই-বাছাই ছাড়া ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে, যা তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার পাশাপাশি আমার ব্যবসায়িক ক্ষতি সাধনের উদ্দেশ্যে করা হয়েছে মর্মে আমি বিশ্বাস করি।
একজন সাংবাদিক বা গণমাধ্যমকর্মীর দায়িত্ব হলো তথ্য যাচাই করে এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ করে সংবাদ প্রকাশ করা। তাই যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচারের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা এ ধরনের অপসাংবাদিকতা থেকে মুক্তি চাই।
নাগরিক হিসেবে আমি যথাযথ কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম অনুসরণ করে ডিলারশিপের আবেদন করেছি। আমি তদবিরে নয়, নিয়মে বিশ্বাসী; অপপ্রচারে নয়, সত্য ও প্রমাণে বিশ্বাসী। সার ডিলারশিপ পাওয়ার বিষয়টি সম্পূর্ণভাবে সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত—আমি সেই সিদ্ধান্তের প্রতি সম্পূর্ণ আস্থাশীল।
প্রতিবাদকারী
এনাম উল্লাহ সিকদার
উখিয়া, কক্সবাজার







