২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

মহেশখালীর আদিনাথ মন্দিরে শিবচতুর্দশী মেলা কাল শুরু

কক্সবাজারের মহেশখালী উপজেলার আদিনাথ মন্দিরে সাত দিনব্যাপী শিবচতুর্দশী পূজা ও মেলা কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। প্রতিবছরের মতো এ বছরেও দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার তীর্থযাত্রী মেলায় আসবেন বলে আয়োজকেরা জানিয়েছেন। তবে অন্যান্য বছরে মেলায় বিনোদনমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হলেও এ বছর তেমন কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন।

মেলার আয়োজকেরা জানান, আদিনাথ মন্দিরে শিব দর্শন করার জন্য এবার তীর্থযাত্রীরা সরাসরি গাড়িযোগে চকরিয়া বদরখালী হয়ে মহেশখালীর আদিনাথে আসতে পারবেন। মেলা চলবে ২ মার্চ পর্যন্ত।

গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন পণ্য নিয়ে মেলা প্রাঙ্গণে স্টল বসিয়েছেন ব্যবসায়ীরা। মেলা শুরুর আগেই হস্তশিল্পসহ নানা পণ্যের বিকিকিনি শুরু হয়ে গেছে।

আদিনাথ সংস্কার কমিটির সাধারণ সম্পাদক প্রণব কুমার দে বলেন, গত বছর এ মেলায় ৩০ হাজার তীর্থযাত্রী এসেছিলেন। মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর অন্তত ৫০ হাজার তীর্থযাত্রী আসবেন বলে তাঁর ধারণা। সাত দিনব্যাপী মেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে ১০১ সদস্যবিশিষ্ট তদারকি কমিটি গঠন করা হয়েছে। পানির জন্য মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে দুটি নলকূপ। এ ছাড়া দূর থেকে আসা তীর্থযাত্রীদের সেবা দেওয়ার জন্য মেলা প্রাঙ্গণে অন্তত ১০০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

এদিকে আদিনাথ মেলা উপলক্ষে গত শনিবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, আদিনাথ সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দী প্রমুখ।

জানতে চাইলে ইউএনও মোহাম্মদ আবুল কালাম বলেন, শিবচতুর্দশী পূজা ও মেলায় যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।