
প্রেস বিজ্ঞপ্তিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (CSF) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. এমরান খান এবং সহসভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল জুবাইর। সাধারণ সম্পাদক পদে তারেক রহমান শাকিব এবং সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ আল সাহিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ভোটার ছিলেন ৩১৫ জন। ভোট দিয়েছেন ১৫২ জন, যা মোট ভোটারের ৪৮ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে দুটি ভোট বাতিল হয়েছে।
নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজারের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ দেখা যায়। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. আবসার কামাল। নির্বাচন কমিশনের সচিব ছিলেন সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি মোর্তজা হোছাইন শাফি। এ সময় কক্সবাজার স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. সিরাজুল হক উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত নথিতে বলা হয়েছে, কক্সবাজার থেকে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনটির আগামী এক বছরের কার্যক্রম পরিচালনার জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. এমরান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি মহেশখালী উপজেলায়। সাধারণ সম্পাদক তারেক রহমান শাকিব আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি উখিয়া উপজেলায়। সাংগঠনিক সম্পাদক আহমেদ আল সাহিক আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি চকরিয়া উপজেলায়।
সংগঠনের সদস্যরা আশা করছেন, নবনির্বাচিত নেতৃত্ব কক্সবাজারের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কক্সবাজারের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন।







