১৩ জুলাই, ২০২৬ | ২৯ আষাঢ়, ১৪৩৩ | ২৭ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

আওয়ামী লীগের কোন নেতার ঈদ কোথায়

রাজনীতি ডেস্কঃ অন্যবারের চেয়ে এবার গ্রামে গিয়ে ঈদ করার আগ্রহ কম দেখা গেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের।

তাদের কেউ কেউ দেশের বাইরে, কেউ কেউ রাজধানী ঢাকায় ঈদ করবেন। কয়েকজন নেতা নিজ নির্বাচনী এলাকায় ঈদ করতে গেলেও ঈদের দিনই ফিরে আসবেন রাজধানীতে।
ক্ষমতাসীন দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনের আগের ঈদে নেতারা যেমন গ্রামমুখী ছিলেন এই ঈদে তেমন নেই।

এবার গ্রামে রাজনৈতিক কোনো কার্যক্রমও নেই আওয়ামী লীগ নেতাদের।
তারা জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান ও সৌদি আরব সফর শেষে এখন ফিনল্যান্ডে আছেন। সেখানেই ঈদ করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদ করবেন রাজধানীতে। সংসদ ভবন মসজিদে ঈদের নামাজ আদায় করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তিনি এবারও ঢাকায় ঈদ করছেন।
প্রতিবারের মতো এবারও এলাকার (ঝালকাঠি) মানুষের সঙ্গে ঈদ করবেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য আমির হোসেন আমু।
উপদেষ্টাপরিষদের আরেক সদস্য তোফায়েল আহমেদও তার নির্বাচনী এলাকা ভোলায় ঈদ করবেন।
সভাপতিমণ্ডলীর আরেক সদস্য মোহাম্মদ নাসিম ঈদ করছেন ঢাকায়। এজন্য এরই মধ্যে নিজ নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরের নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন।
সভাপতিমণ্ডলীর অন্য সদস্যদের মধ্যে বেগম মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, পীযুষ কান্তি ভট্টাচার্য, খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক ঢাকায় ঈদ করবেন।
এছাড়া কাজী জাফর উল্লাহ নিজ এলাকা ফরিদপুরে ও আবদুল মতিন খসরু ঈদ করবেন কুমিল্লায়। সভাপতিমণ্ডলীর আরেক সদস্য নুরুল ইসলাম নাহিদ ঈদ করবেন ঢাকায়। ফারুক খানও ঢাকায় ঈদ করবেন। ক্যান্টনমেন্ট মসজিদে তিনি ঈদের নামাজ আদায় করবেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকদের মধ্যে মাহবুব-উল আলম হানিফ কানাডায় রয়েছেন। সেখানেই তিনি ঈদ করবেন বলে জানা গেছে।
যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও এবার ঈদে দেশের বাইরে থাকছেন। বাকি দুজনের মধ্যে জাহাঙ্গীর কবির নানক প্রতি বছরের মতো এবারও ঢাকায় ঈদ করবেন। আর আবদুর রহমান রয়েছেন যুক্তরাজ্যে। ঈদের পরে তার দেশে ফেরার কথা রয়েছে।
সাংগঠনিক সম্পাদকের মধ্যে আহমদ হোসেন ঈদ করবেন নিজ এলাকা নেত্রকোনায়। এছাড়া সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুরে, আ ফ ম বাহাউদ্দিন নাছিম মাদারীপুরে, সাংগঠনিক সম্পাদক ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাটে, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম শরীয়তপুরের নড়িয়ায়, সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা-উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল নিজ এলাকা চট্টগ্রামে ঈদের নামাজ পড়বেন।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ঈদ করবেন নিজ এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ রয়েছেন দেশের বাইরে। তিনিও ঢাকায় ফিরবেন ঈদের পরে। বন পরিবেশ বিষয়ক সম্পাদক দোলোয়ার হোসেন ঈদ করছেন ঢাকায়। সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল ঈদের দিন সকালে ঢাকায় থাকলেও বিকেলে চলে যাবেন নিজ এলাকা নেত্রকোনায়।
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর নিজ এলাকা কুমিল্লায় ঈদ করবেন।
দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এবং উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া ঈদ করছেন ঢাকায়। তবে ঈদের পর বিপ্লব বড়ুয়া চট্টগ্রামে যাবেন বলে জানিয়েছেন।
এ ছাড়া দলের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী ঢাকায় ঈদ করবেন। আর উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন ঈদ করবেন নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রামে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।