
সোহেল সিকদার রানাঃ
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৫ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ১৫ বছর বয়সী এক কিশোরী। সে ভালুকিয়াপালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। তার মায়ের নাম ডেজি বড়ুয়া। পরিবারের সঙ্গে সে আমতলী এলাকায় বসবাস করত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত টেস্ট পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় ওই শিক্ষার্থী মানসিকভাবে হতাশ ছিল বলে দাবি করছেন স্থানীয়রা। তবে পরীক্ষার ফলাফলের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের প্রয়োজন রয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।
এদিকে, কিশোরী শিক্ষার্থীর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগ বিরাজ করছে।







